বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, "অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে সব রাতারাতি নির্মাণ করা এবং পুনর্গঠন করা সম্ভব নয়।"
তিনি সোমবার (১৭ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের '১৮০ দিন পূর্তি' উপলক্ষে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন। রিজভী বলেন, "প্রধানমন্ত্রী নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো ধরনের কমতি করেননি।"
রিজভী উল্লেখ করেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার একটি ভগ্নস্তূপের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। নৈরাজ্যের এক ঘন অন্ধকারের মধ্যে ৫ আগস্ট আমরা একটি পরিবর্তন ঘটিয়েছি।"
তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তা পূরণে তিনি ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই কর্মযজ্ঞ শুরু করেছেন।
তবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ ও অন্যান্য পরিস্থিতির কারণে দেশের উন্নয়নের গতি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি।
রিজভী আরও জানান, "বিভিন্ন সেক্টরে সংকটগুলো উত্তরণের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন প্রধানমন্ত্রী।"