প্রধানমন্ত্রী তারেক রহমান বিভ্রান্তিকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশে অনেক বিভ্রান্তকারী ও রটনাকারী রয়েছে, যাদের কার্যকলাপের প্রতি নজর রাখতে হবে।
রোববার (১৬ আগস্ট) পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, "দেশকে আমাদের স্থিতিশীল রাখতে হবে। বিভ্রান্তিকারীদের কথায় বিভ্রান্ত হলে চলবে না।"
তিনি অতীতে রাজনৈতিক সংকটকালে কিছু গোষ্ঠীর ভূমিকার সমালোচনা করেন এবং বলেন, "এদের অতীত বিবেচনা করে আমাদের তাদেরকে নজর রাখতে হবে।" প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি ও তার মিত্র দলের নেতাকর্মীরা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, "বিভিন্ন রাজনৈতিক সংকটের সময় যারা রাজপথে অনুপস্থিত ছিলেন, তারা আজ সংস্কারের নামে বিভ্রান্তি ছড়াচ্ছেন।" তিনি উল্লেখ করেন যে, বিএনপি ২০২২ সালে রাষ্ট্রীয় সংস্কারের রূপরেখা উপস্থাপন করেছিল।
জনকল্যাণমূলক প্রকল্পের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ডের কার্যকর বাস্তবায়ন এবং কৃষক কার্ডের উন্নয়ন জরুরি। তিনি নারীদের ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ডের পরিকল্পনা গ্রহণের কথা বলেন।
সরকারের কৃষকবান্ধব নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কৃষক কার্ড প্রবর্তন করা হয়েছে। ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে।
শিক্ষাব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক সনদ নয়, বরং খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা হবে।
তিনি বলেন, "দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের কাজ করতে হবে।"