বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে কোন স্ট্যাটাসে আছেন, তা জানা যায়নি। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনি পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
১৭ আগস্ট সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "শেখ হাসিনার ভারত অবস্থানের সঙ্গে সালাহউদ্দিন আহমেদের অবস্থানের কোনো সম্পর্ক নেই।"
চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, ২০১৫ সালের ১০ মার্চ বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য বাসা থেকে তুলে নিয়ে যায়। ৬১ দিন গুম থাকার পর ১০ মে তাকে ভারতের মেঘালয়ের শিলংয়ে ফেলে রাখা হয়।
তিনি জানান, পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে ফরেনার্স অ্যাক্টের ১৪ ধারায় মামলা করে। ওই মামলায় প্রমাণিত হয় যে, তাকে বাংলাদেশ থেকে অপহরণ করে ভারতে ফেলে রাখা হয়েছিল। এর ফলে ভারতীয় আদালত তাকে বেকসুর খালাস দেয়।
চিফ প্রসিকিউটর আরও বলেন, ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। তাদের অপরাধের জন্য দায়িত্ব নিতে হবে এবং ট্রাইব্যুনাল তাদের সর্বোচ্চ শাস্তি দেবে বলে প্রত্যাশা প্রকাশ করেন।