ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং তখন থেকেই তিনি দিল্লিতে অবস্থান করছেন। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে।
এ বিষয়ে রণধীর জয়সোয়াল বলেন, ‘আমাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। যেকোনো প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং এটি সেই অনুযায়ীই মোকাবিলা করা হবে।’
শেখ হাসিনার বিরুদ্ধে দেশে শতাধিক হত্যা মামলা রয়েছে, যা গণ-অভ্যুত্থানের পর দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই আদালতে তার বিরুদ্ধে থাকা আরও কয়েকটি মামলার বিচার চলছে।