সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনার আত্মসমর্পণের আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার আত্মসমর্পণের আইনি সুযোগ নেই, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।

শেখ হাসিনার আত্মসমর্পণের আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘শেখ হাসিনা ভারত সরকারের আশ্রয়ে নির্বাসনে আছেন, ব্যক্তিগতভাবে এসে স্বাধীনভাবে আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই। নির্বাসনে থেকে তাকে দণ্ডিত হিসেবে গ্রেপ্তার হয়েই আসতে হবে।’

চিফ প্রসিকিউটর আরও জানান, ‘আসতে হলে ভারত সরকারকেই তাকে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করতে হবে।’

এর আগে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা নিয়ে তিনি বলেন, ‘ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন– এটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে তো আমরা কালকেই চাই। অতএব কোনো স্ট্যান্টবাজি করবেন না।’

গত বৃহস্পতিবার রাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনার কথা জানান। তিনি উল্লেখ করেন, নির্বাসিত জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতারাও তাঁর সঙ্গে দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে আশা প্রকাশ করেন।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারিয়ে দেশ ছাড়ার পর এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক গণমাধ্যমকে সরাসরি সাক্ষাৎকার দিলেন ৭৮ বছর বয়সী শেখ হাসিনা।

বিজ্ঞাপন