বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সোমবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে বলেন, শেখ হাসিনা ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে আসবেন এবং সাজা ভোগ করবেন।
তিনি জানান, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। শামা ওবায়েদ বলেন, 'আমরা মনে করি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য যেকোনো আসামির মতো তিনিও এখানে আসবেন। এসে সাজা ভোগ করবেন।'
শামা ওবায়েদ আরও উল্লেখ করেন, শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত একজন আসামি, তাই তিনি নতুন পাসপোর্ট পাওয়ার যোগ্য নন।
তিনি বলেন, 'শেখ হাসিনা ইস্যুতে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক থমকে থাকবে না।' এছাড়া, বিবিসি বাংলার প্রতিবেদনকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, দিল্লির উচিত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সুযোগ তৈরি করা।
শামা ওবায়েদ বলেন, 'মানবতাবিরোধী অপরাধে উনি সাজাপ্রাপ্ত। ফাঁসির আসামি হিসেবে তিনি বিদেশে আছেন। এই অবস্থায় তিনি কীভাবে আসবেন আইন মন্ত্রণালয় এটা খতিয়ে দেখছে।'