বুধবার, ১৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের ভুল নিয়ে ডাকসু জিএসের অভিযোগ

এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের ভুল নিয়ে ডাকসু জিএস এস এম ফরহাদের অভিযোগ।

এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের ভুল নিয়ে ডাকসু জিএসের অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞানের প্রশ্নপত্রে ভুল থাকার অভিযোগ করেছেন। তিনি বলেন, এই ভুলের কারণে লাখো পরীক্ষার্থীর ভবিষ্যৎকে 'ছেলেখেলা' হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার নিজের ফেসবুক পেজে ফরহাদ প্রশ্ন তোলেন, 'এমন ছেলেখেলা কীভাবে মেনে নেওয়া যায়?' তিনি উল্লেখ করেন, পরীক্ষায় ৫-১০ নম্বর একজন শিক্ষার্থীর মেডিকেল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য প্রতিষ্ঠানে ভর্তির সম্ভাবনা বদলে দিতে পারে।

ফরহাদ আরও বলেন, শিক্ষামন্ত্রীর কাছ থেকে একটি স্পষ্ট ও দায়িত্বশীল ব্যাখ্যা প্রত্যাশা করা হয়েছিল, কিন্তু তিনি বিষয়টি সমাধানে সচেষ্ট না হয়ে নিজের বাহাদুরি দেখিয়েছেন। শিক্ষার্থীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশের প্রয়োজনও তিনি অনুভব করেননি।

তিনি জানান, প্রশ্নপত্রে দুটি প্রশ্নে ভুল ছিল এবং সেই দায় অন্তর্বর্তী সরকারের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে। ফরহাদ বলেন, প্রশ্ন চূড়ান্ত হওয়ার আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তা যাচাই করার কথা ছিল।

বর্তমান শিক্ষামন্ত্রীর দায়িত্বকালেই পরীক্ষার চূড়ান্ত পর্যায়ের সকল ধাপ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, 'এখন আবার চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়ে ওই দুটি প্রশ্নে সবাইকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।'

ফরহাদ বলেন, পুরো বিষয়টি দেখে মনে হচ্ছে, 'আগে পানি ঘোলা করা; তারপর সে পানি পান করা'। তিনি শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো দ্রুত গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান এবং সমস্যার গ্রহণযোগ্য সমাধান প্রত্যাশা করেন।

বিজ্ঞাপন