চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, যেখানে পাসের হার ৫২.১২ শতাংশ। গত বছর এই হার ছিল ৫৮.৮৩ শতাংশ, ফলে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী এবার পাস করতে পারেননি।
প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন জানান, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা আগামী এক মাসের মধ্যে নেওয়া হবে। এর ফলে, আগের মতো এক বছর অপেক্ষা করতে হবে না।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, এবারের পরীক্ষায় এক ও দুই সাবজেক্টে অকৃতকার্য হয়েছেন মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী। তাদের এক বছরের সময় নষ্ট না হওয়ার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন, যার মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন উত্তীর্ণ হয়েছেন এবং ৪০ হাজার ৮৪ জন জিপিএ ফাইভ পেয়েছেন।
এবার রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং পরীক্ষা চলাকালীন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আন্দোলনের ঘটনাও ঘটেছে।