জলবায়ু পরিবর্তনের কারণে বরেন্দ্র অঞ্চলের কৃষি, খাদ্যনিরাপত্তা ও জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়েছে। প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার শনিবার রাজশাহীর সিটি কনভেনশন হলে অনুষ্ঠিত ‘উচ্চপর্যায়ের নীতি সংলাপ: জলবায়ু ক্ষতিগ্রস্তদের জন্য জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতকরণ—বরেন্দ্র অঞ্চল বাঁচান’ অনুষ্ঠানে এই সংকট মোকাবিলায় একটি বিজ্ঞানভিত্তিক, বহুখাতভিত্তিক এবং দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান।
ড. হায়দার বলেন, জলবায়ু পরিবর্তন কেবল পরিবেশগত সমস্যা নয়, এটি মানুষের জীবন, পুষ্টি ও মানবাধিকারের সঙ্গে সম্পর্কিত একটি বহুমাত্রিক সংকট। বরেন্দ্র অঞ্চলে দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং পানি সংকট কৃষি উৎপাদনকে ব্যাহত করছে। এর ফলে দরিদ্র কৃষকদের জীবন-জীবিকা অনিশ্চিত হয়ে পড়ছে, যা গ্রামীণ দারিদ্র্য এবং খাদ্যনিরাপত্তাহীনতা বাড়াচ্ছে।
তিনি জনস্বাস্থ্য ও পুষ্টির ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরে বলেন, নিরাপদ পানির অভাব স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। অতিরিক্ত তাপপ্রবাহ কৃষক, গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলছে। এ কারণে শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং মাতৃ ও শিশু পুষ্টিসেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
ড. হায়দার বরেন্দ্র অঞ্চলের জন্য ছয়টি অগ্রাধিকারভিত্তিক নীতিগত পদক্ষেপ তুলে ধরেন। এর মধ্যে বিশেষ বরেন্দ্র জলবায়ু অভিযোজন নীতিমালা, সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু সহনশীল কৃষি অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, জলবায়ু অর্থায়ন ও জবাবদিহি প্রতিষ্ঠা জরুরি।
সংলাপে সংসদ সদস্য হাবিবা মাহমুদা, নজরুল ইসলাম ও মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। সরকারী কর্মকর্তা, গবেষক এবং উন্নয়নকর্মীরা এ সংলাপে অংশগ্রহণ করেন।