দেশের তরুণ উদ্যোক্তাদের সহায়তায় ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, উদ্ভাবনী উদ্যোগগুলো যেন অর্থের অভাবে থেমে না যায়, সে লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ।
জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ৩১ অক্টোবর দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। আগামীকাল রোববার দিবসটি পালিত হবে এবং এবারের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ বলে উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। তিনি স্বাধীনতা অর্জন, জাতীয় সংকট মোকাবিলা এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তরুণদের অবদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন।
প্রধানমন্ত্রী জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এ পর্যন্ত ৮০ লাখের বেশি তরুণ-তরুণীকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে প্রায় ২৫ লাখ আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন, যারা মাসে ২০ হাজার থেকে ১ লাখ টাকা বা তারও বেশি আয় করছেন।
তিনি আরও জানান, ২০২৬ সালের জুন পর্যন্ত যুব উদ্যোক্তাদের মধ্যে ২ হাজার ৮৬১ কোটি ৮৭ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। জাতীয় যুব পুরস্কারকে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত ৫৪৬ জন আত্মকর্মী ও যুব সংগঠককে এ সম্মাননা দেওয়া হয়েছে।
বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণ প্রকল্পের কথা উল্লেখ করেন, যা তরুণদের অনলাইনে কাজ করে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ দিচ্ছে।
পরিবেশ সংরক্ষণে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় তরুণরা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে পরিবেশ রক্ষায় অবদান রাখছেন।
শেষে, প্রধানমন্ত্রী জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।