রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাতিঘর শিশু উৎসবে সৃজনশীলতার উজ্জ্বল প্রদর্শনী

বাতিঘর শিশু উৎসবে সৃজনশীলতা ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনায় মুগ্ধতা সৃষ্টি।

বাতিঘর শিশু উৎসবে সৃজনশীলতার উজ্জ্বল প্রদর্শনী

শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হল বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয়ের শিশু উৎসব। এই উৎসবে শিশুদের নাচ, গান এবং নাটক পরিবেশন দর্শকদের মন কেড়ে নেয়।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও উৎসবে অংশগ্রহণ করে তাদের পরিবেশনার মাধ্যমে দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। শিল্পী মুস্তাফা মনোয়ার ও সাহিত্যিক আখতার হুসেনকে উৎসর্গ করে ‘শিকড়ের টানে শৈশবের প্রাণে’ স্লোগানে এই উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের সূচনা হয় জাতীয় সংগীতের মাধ্যমে, পরে এক মিনিট নীরবতা পালন করে মুস্তাফা মনোয়ার ও আখতার হুসেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর শিশুদের পরিবেশনায় ‘ধন্য ধন্য বলি তারে’ ও ‘আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল’ গানের সঙ্গে উদ্বোধনী নৃত্য পরিবেশন করা হয়।

শিল্পী মুস্তাফা মনোয়ারের পরিকল্পনা ও পরিচালনায় নির্মিত ‘মনের কথা’ পাপেট শোর একটি ভিডিও প্রদর্শন করা হয়, যেখানে শিশুদের জন্য বাংলাদেশের জাতীয় পতাকা আঁকার পদ্ধতি দেখানো হয়।

ব্রতচারী আন্দোলনের আদর্শ ছড়িয়ে দিতে শিশুদের পরিবেশনায় অংশ নেন মাহদী ইমাম সান্নিধ্য, লামুমা আজরিনসহ আরও অনেক শিশু। এই পরিবেশনায় দেশপ্রেম ও নাগরিকত্ববোধের গুরুত্ব তুলে ধরা হয়।

উৎসবে উপস্থিত ছিলেন সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, যিনি শিশুদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। পরে পল্লীকবি জসীমউদ্দীনের নাটক ‘মালঞ্চ ও মাধব’-এর পাঠাভিনয় পরিবেশন করে বাতিঘরের শিশুরা।

কিডি সিটি স্পেশাল স্কুল অ্যান্ড থেরাপি সেন্টারের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা লোকনৃত্য পরিবেশন করে, যা দর্শকদের মধ্যে মুগ্ধতা সৃষ্টি করে।

বাতিঘরের কর্মীরা ‘বাংলার পথে সুরের সাথে’ শীর্ষক নৃত্যালেখ্য পরিবেশন করেন। বাতিঘরের পরিচালক মরিয়ম ইউসুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা শিশুদের সৃজনশীলতা বিকাশের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন