বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইলভিত্তিক প্ল্যাটফর্ম হাল ফ্যাশন এবং বিজ্ঞাপনী সংস্থা এনেক্স কমিউনিকেশন্স লিমিটেড কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে। গত ২৬ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ অংশীদারত্ব চুক্তি স্বাক্ষরিত হয়।
এই সহযোগিতার মাধ্যমে দুই প্রতিষ্ঠান দেশের ফ্যাশন, লাইফস্টাইল ও গণমাধ্যম খাতে সৃজনশীল উদ্যোগের প্রসার এবং নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে কাজ করবে। তারা কার্যক্রম ও কনটেন্টের পরিসর বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ফ্যাশন ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার পরিকল্পনা করেছে।
এ উদ্যোগের আওতায় ফ্যাশন ও ব্যক্তিগত সাজসজ্জার পাশাপাশি খাদ্য ও পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা, ত্বকের যত্ন, ব্যক্তিগত পরিচর্যা, গৃহসজ্জা, পোষা প্রাণী এবং জলবায়ু ও উদ্ভিদ পরিচর্যার মতো বিষয়েও কনটেন্ট তৈরি করা হবে।
চুক্তির আওতায় আন্তর্জাতিক মানের ফ্যাশন শো, বড় পরিসরের অনুষ্ঠান, রিয়্যালিটি শো, বিষয়ভিত্তিক পডকাস্ট, বিশেষ অনুষ্ঠান, ডিজিটাল কনটেন্ট ও ম্যাগাজিন প্রকাশনা সহ বিভিন্ন উদ্যোগে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান।
এছাড়া, সৃজনশীলতার বিকাশ, নতুন প্রতিভা তুলে আনা এবং বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল অঙ্গনে নতুন দৃষ্টিভঙ্গি যুক্ত করতে আন্তর্জাতিক পর্যায়ের সৃজনশীল প্রতিষ্ঠান ও পেশাজীবীদের সঙ্গে কাজের সুযোগ খোঁজা হবে।
চুক্তিতে এনেক্স কমিউনিকেশন্স লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক শরীফ সাব্বির এবং হাল ফ্যাশনের পক্ষে পরামর্শক এস কে সাইফুর রহমান স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বক্তব্য দেন।
এ অংশীদারিত্ব বাংলাদেশের ফ্যাশন ও লাইফস্টাইল খাতের বিকাশে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আশা করছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটি।