আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে দুই বোন মাহিতা তাজমীন কাইয়ুম ও মাহীরা তাইশা কাইয়ুম। ২০২৬ সালের ‘দ্য কুইনস কমনওয়েলথ রাইটিং কম্পিটিশন’-এ স্বর্ণ পুরস্কার অর্জন করেছে বড় বোন মাহিতা। ছোট বোন মাহীরা পেয়েছে ব্রোঞ্জ পুরস্কার।
দুই বোনের এই সাফল্যে আনন্দিত তাদের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান। ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে ঐতিহাসিকভাবে সম্পৃক্ত রয়্যাল কমনওয়েলথ সোসাইটি এ প্রতিযোগিতার আয়োজন করে, যা বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী আন্তর্জাতিক সৃজনশীল লেখার আয়োজন হিসেবে পরিচিত।
২০২৬ সালে রেকর্ড ৫৩ হাজার ৮৪০টি লেখা জমা পড়ে। বিপুলসংখ্যক প্রতিযোগীর মধ্যে মাহিতার স্বর্ণ ও মাহীরার ব্রোঞ্জ পুরস্কার অর্জন তাদের সৃজনশীল প্রতিভার উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি।
মাহিতা ও মাহীরার লেখালেখির প্রতি আগ্রহ ও নিয়মিত চর্চা তাদের সাফল্যের পেছনে রয়েছে। বিশেষ করে ছোট বোন মাহীরার কাছে বড় বোন মাহিতা লেখালেখির অন্যতম অনুপ্রেরণা।
মাহীরা ব্রোঞ্জ পুরস্কার পাওয়ার পর বড় বোনের ফলাফল নিয়ে উদ্বিগ্ন ছিল। পরিবারের সদস্যরাও মাহিতার স্বর্ণ পুরস্কার অর্জনের খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।
তাদের বাবা বলেন, "বাবা হিসেবে এই অর্জন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আমরা চাই, তারা শুধু পুরস্কার অর্জনেই সীমাবদ্ধ না থেকে জ্ঞান, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠুক।"
এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ তৈরি করে। মাহিতা ও মাহীরার সাফল্য দেশের অন্য শিশু-কিশোরদেরও অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।