ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের উদ্যোগে গত ২৭ সেপ্টেম্বর ‘বাংলা বর্ণমালা স্কুল’ চালু হয়েছে। এই স্কুলের উদ্দেশ্য হলো প্রবাসী নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, বর্ণমালা, সাহিত্য, ইতিহাস ও সংস্কৃতির চর্চা এবং তাদের শিকড়ের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা।
কোপেনহেগেনের বেলাহয়ে শুরু হওয়া স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স তন্ময় মজুমদার। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের সভাপতি ওমর ফারুক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জাকেরুল আবেদিন।
প্রধান অতিথির বক্তৃতায় তন্ময় মজুমদার বলেন, প্রবাসের মাটিতে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা শুধু শিশুদের বাংলা ভাষা শেখানোর উদ্যোগ নয়; এটি আমাদের মাতৃভাষা ও সংস্কৃতিকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস।
বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ জাকেরুল আবেদিন বাংলা ভাষাকে প্রজন্মের বন্ধন হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেনমার্কের এই উদ্যোগ প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চাকে আরও বিস্তৃত করবে।
অনুষ্ঠানে শিশুদের মধ্যে বিনামূল্যে বাংলা শিক্ষার বই বিতরণ করা হয়। বাংলা বর্ণমালা স্কুলে আপাতত প্রতি রবিবার পাঠদান হবে, যাতে শিশুদের ডেনিশ স্কুলের ক্লাসে বিঘ্ন না ঘটে।
স্কুলের পরিচালক ওমর ফারুক জানান, ভবিষ্যতে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে ক্লাস বৃদ্ধির পরিকল্পনা করা হবে। তিনি কমিউনিটির সকলকে শিশুদের ভর্তি হওয়ার সুযোগ গ্রহণের জন্য আহ্বান জানান।
ডেনমার্কে যারা তাদের সন্তানের জন্য এই সুযোগ নিতে চান, তারা স্কুলের ঠিকানায় যোগাযোগ করতে পারেন: Bellahøj skole, Svenskelejren 18, Copenhagen NV। প্রতি রবিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ক্লাস অনুষ্ঠিত হবে।