ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’ উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের প্রতিনিধি ও সুশীল সমাজের শীর্ষ ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনের মূল উদ্দেশ্য ‘জাতীয় অভিযোজন পরিকল্পনা ২০২৩-২০৫০’ বাস্তবায়ন এবং ‘জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০)’ এর কৌশলগত বিনিয়োগ রূপরেখা বাস্তবায়নের গতি বৃদ্ধি করা।
উদ্বোধনী দিনের অন্যতম আকর্ষণ ছিল ‘জলবায়ু সমাধান প্রদর্শনী’ এবং ‘বিসিডিপি ওয়েব পোর্টাল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্ম দেশি ও আন্তর্জাতিক জলবায়ু বিনিয়োগ সহজতর করতে রিয়েল-টাইম প্রকল্প পর্যবেক্ষণ, পাইপলাইন ব্যবস্থাপনা, ডেটা একত্রীকরণ ও আন্তমন্ত্রণালয় সমন্বয়ের কেন্দ্রীয় হাব হিসেবে কাজ করবে।
মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে বলেন, ‘আজকের উন্নয়নসংক্রান্ত সিদ্ধান্তগুলোই আগামী কয়েক দশকের জন্য আমাদের জলবায়ু ঝুঁকির রূপরেখা নির্ধারণ করে দেবে।’ তিনি অভিযোজনসংক্রান্ত উদ্যোগগুলোর আর্থিক বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন এবং বলেন, ‘বাংলাদেশের আর্থিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে জলবায়ু অর্থায়নের রূপরেখা তৈরি করতে হবে।’
এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লোলা বলেন, ‘এই সম্মেলনের প্রকৃত সাফল্য কেবল আলোচনায় নয়, বরং পরবর্তী পদক্ষেপ ও কার্যকর বিনিয়োগের ওপর নির্ভর করবে।’ তিনি বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের বিষয়টি তুলে ধরেন।
সম্মেলনের পরবর্তী অধিবেশনগুলোতে জ্বালানি রূপান্তর, টেকসই পরিবহন, পানিসম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু-সহনশীল কৃষির মতো গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। আগামীকাল বৃহস্পতিবার জলবায়ু বিনিয়োগের ঝুঁকি হ্রাস এবং সরকারি-বেসরকারি অর্থায়ন কাঠামো তৈরির লক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।