আগামী বছর থেকে ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন বই অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার কুমিল্লায় একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
কুমিল্লার ভাষাসৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘২০২৭ সালের কারিকুলামে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা অন্তর্ভুক্ত হয়েছে। ষষ্ঠ শ্রেণিতে আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্ত করা হয়েছে।’
শিক্ষামন্ত্রী আরও জানান, ‘এই চারটি নতুন বই আমরা ২০২৭ সালে দিচ্ছি। প্রত্যেকটি কারিকুলামে যেসব জায়গায় পরিবর্তন পরিমার্জন করা দরকার সেটা ২০২৮ থেকে হবে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষার পাশাপাশি খেলাধুলোকেও গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রী শিক্ষায় সবচেয়ে বেশি বাজেট রেখেছেন। তাই আজ যারা ক্রীড়া শিক্ষায় আগ্রহী হচ্ছেন, তাদেরকে মানবসম্পদে রূপান্তরিত করতে হবে।’
জাতীয় পর্যায়ে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সারাদেশ থেকে ৪টি অঞ্চলে বিভক্ত হয়ে মোট ৪০৪ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। সাঁতারা, দাবা, কাবাডি ও হ্যান্ডবল-এই চারটি খেলায় চূড়ান্ত পর্যায়ে প্রতিযোগিতা করবেন তারা।