প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে দেশের মৌলিক কারিকুলাম অনুসরণ করতে হবে। তিনি অভিযোগ করেন, অনেক ইংলিশ মিডিয়াম স্কুল প্রাথমিক স্তরে রাষ্ট্রীয় কারিকুলাম মানছে না।
১২ সেপ্টেম্বর, শনিবার, রাজধানীর একটি হোটেলে অক্সফোর্ড একিউ আয়োজিত স্কুল লিডার্স কনফারেন্সে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা কতক্ষণ বিদ্যালয়ে শিখনকালীন সময় ব্যয় করবে, তা এত বছরেও নির্ধারণ করা সম্ভব হয়নি।
শিক্ষার মান উন্নয়নে কারিকুলাম বাস্তবায়ন ও শিক্ষক প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি উদাহরণ হিসেবে বলেন, একজন বাসার ড্রাইভারেরও প্রশিক্ষণ থাকে, কিন্তু অনেক ক্ষেত্রে শিক্ষকরা কোনো প্রশিক্ষণ ছাড়াই পাঠদানের দায়িত্ব পাচ্ছেন।
এ ধরনের পরিস্থিতি চলতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতের বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার মানদণ্ড নির্ধারণে সরকার কারিকুলাম অনুসরণ এবং শিক্ষক প্রশিক্ষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।