বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের কার্যক্রম শুরু

ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

ফরিদপুরে মিলিটারি কলেজিয়েট স্কুলের কার্যক্রম শুরু

মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর (এমসিএসএফ) সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে। ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় ১৮ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

৮ সেপ্টেম্বর মঙ্গলবার কলেজের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এমসিএসএফের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি প্রতিষ্ঠানের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, ২০২৬ সালের ২৪ এপ্রিল অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয় এবং গত ১২ আগস্ট থেকে সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

২৩ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। অধ্যক্ষ বলেন, দেশের শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য।

যশোর সেনানিবাসের অধীনে ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি চালুর ফলে স্থানীয়ভাবে কর্মসংস্থান, পরিবহন, শিক্ষা উপকরণ ও বিভিন্ন সেবা খাতের বিকাশের সুযোগ তৈরি হবে।

এছাড়া, মানসম্মত ও টেকসই শিক্ষা বিস্তারের মাধ্যমে ফরিদপুরের আর্থসামাজিক উন্নয়নেও প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে এমসিএসএফের অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শেখ নাহিদ হাসান প্রত্যয়সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন