সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
শিক্ষা

শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: শামা ওবায়েদ

শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ১৭ বছরে দেশে শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: শামা ওবায়েদ

গত ১৭ বছরে দেশে শিক্ষার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি, বরং শিক্ষা খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি রোববার দুপুর ১টায় ফরিদপুরের সালথা উপজেলা জেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করতে একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য সকলকে দায়িত্বশীল হতে হবে। তিনি উল্লেখ করেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করলেই হবে না, শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণও সরবরাহ করতে হবে।

তিনি আরও বলেন, কোনো শিশু যেন অর্থের অভাবে বিদ্যালয়ে যেতে না পারে—এ বিষয়টি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তানদের পড়াশোনায় যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, ঝরে পড়া রোধ এবং শিক্ষার পরিবেশ উন্নত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। পাটের তৈরি স্কুলব্যাগ বিতরণের বিষয়ে তিনি বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্য ও সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিনি বলেন, পাটের তৈরি স্কুলব্যাগ ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ দেওয়া হচ্ছে, অন্যদিকে দেশীয় পাটজাত পণ্যের ব্যবহারও বাড়ছে। পরিবেশবান্ধব এ উদ্যোগ দেশের পাটশিল্পকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।

শামা ওবায়েদ আরও বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সালথা উপজেলার আটটি প্রাথমিক বিদ্যালয়ের ৩১৫ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস, পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুলব্যাগ ও জুতা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং নতুন পোশাক, ব্যাগ ও জুতা পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন