প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী দিনগুলোতে শিক্ষকদের প্রাপ্য টাকা কোন ভোগান্তি ছাড়াই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের সুবিধার অর্থ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "যতদিন নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, শিক্ষকদের এই টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না।" তিনি জানান, শিক্ষকদের আর কোন ভোগান্তি বা মধ্যস্বত্বভোগীর যন্ত্রণা সহ্য করতে হবে না।
এছাড়া, তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার শিক্ষা ও শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। তিনি বলেন, "নারীদের একাডেমিক শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে তার উদ্যোগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।"
প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, "পতিত, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক-বীমাসহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থরক্ষায় গঠিত তহবিলও রেহাই পায়নি।"
তিনি বলেন, "জাল ইনডেক্স তৈরি এবং দুর্বল ব্যাংকে অর্থ সরিয়ে নেওয়ার মাধ্যমে শিক্ষকদের কল্যাণ তহবিলকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল।"