বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (ইজিএমও) পদকজয়ী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীরা গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের অভিজ্ঞতা ও অর্জনের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য শুভকামনা জানান।
এ সময় বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের (বিজিএমএফ) পক্ষ থেকে তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত ও কার্যকর করতে সরকারের সহযোগিতা চাওয়া হয়। প্রধানমন্ত্রী এ উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
স্কুল পর্যায়ে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম সম্প্রসারণে একটি তহবিল গঠনের প্রস্তাব দেওয়া হলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থায়নে তাৎক্ষণিক সম্মতি জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (বিডিএমও) পক্ষ থেকে স্কুলে 'অ্যাক্টিভিটি-ওরিয়েন্টেড ম্যাথমেটিকস' চালুর প্রস্তাবেও সম্মতি দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দেশে গণিতচর্চা ও গণিত অলিম্পিয়াডের কার্যক্রম আরও বিস্তৃত করতে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় যেকোনো সহযোগিতা দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, আইএমও-এর জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বিজিএমএফ-এর চেয়ার প্রফেসর সাদিয়া হামিদ কাজী এবং বিডিএমও সদস্য মো. আব্দুল হাকিম খান।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন আইএমও ব্রোঞ্জ ও ইজিএমও ব্রোঞ্জজয়ী শিক্ষার্থীরা।