বাংলাদেশের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২ কোটি ৬০ লাখ শিশুর শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার ঋণ প্রদান করছে বিশ্বব্যাংক। শনিবার সংস্থাটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা শ্রেণি অনুযায়ী পড়া, লেখা ও গণিতে মৌলিক দক্ষতা অর্জন করতে পারবে। এছাড়া, দেশের ৯০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ দেয়া হবে।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১০ বছর বয়সী প্রায় ৫০ শতাংশ শিশু বয়স উপযোগী সাধারণ লেখা পড়ে তার অর্থ বুঝতে পারে না। এই অর্থায়ন পিছিয়ে থাকা শিশুদের শিক্ষায় ভূমিকা রেখে ভবিষ্যতে ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সাহায্য করবে বলে সংস্থাটি উল্লেখ করে।