ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায় শুরু হচ্ছে। আবেদন প্রক্রিয়া চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। এবারের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটে অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং আইবিএ ইউনিট।
আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের ১২ ডিসেম্বর, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ১৯ ডিসেম্বর, চারুকলা ইউনিটের ২২ ডিসেম্বর এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে, অন্য ইউনিটগুলোর পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হলো রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, শাহজালাল, বাংলাদেশ কৃষি, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
ভর্তি পরীক্ষায় নম্বর বণ্টন অনুযায়ী কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা হবে। আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ ও ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর থাকবে। ভর্তি আবেদনের জন্য শিক্ষার্থীদের ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। ভর্তি প্রক্রিয়া শেষ হলে আগামী বছরের ২৮ মার্চ থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।