রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত, পুরস্কৃত ক্ষুদে গণিতবিদরা

রাজধানীতে অনুষ্ঠিত ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’-এ পুরস্কৃত হলেন ক্ষুদে গণিতবিদরা।

‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত, পুরস্কৃত ক্ষুদে গণিতবিদরা

রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে শিশু-কিশোরদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে আয়োজিত হয়েছে ‘কিডজানা ট্যালেন্ট ফেস্ট ২০২৬’। বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটির (বাইসিস) উদ্যোগে এবং কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ম্যাথ জিনিয়াস অলিম্পিয়াডের (ইমগো) জাতীয় বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার বিকেল ৪টায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি মুনির হাসান। বিশেষ অতিথি ছিলেন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশের নির্বাহী সদস্য মোহাম্মদ কাওছার উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিডজানার সিইও ও বাইসিসের সভাপতি মোসাদ্দেক হোসেন।

এছাড়াও, কিডজানা ক্রিয়েটিভ সেন্টারের আফটার স্কুল প্রোগ্রামের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের গ্রাজুয়েশন প্রদান করা হয়। জাতীয় বাছাই পর্বে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী জানুয়ারি ২০২৭ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ইমগো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য গণিত অলিম্পিয়াড ও রোবোটিকস বিষয়ে বিশেষ সেশনের আয়োজন করা হয়, যা শিশু-কিশোরদের বিজ্ঞান, প্রযুক্তি, গণিত ও উদ্ভাবনী কার্যক্রমের প্রতি আগ্রহী করে তোলার লক্ষ্যে ছিল।

কিডজানার সিইও মোসাদ্দেক হোসেন বলেন, “প্রতিটি শিশুর মধ্যেই সৃষ্টিশীল মানুষ, চিন্তাবিদ ও ভবিষ্যৎ উদ্ভাবক হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা বিকশিত করতে আনন্দময়, হাতে-কলমে ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।”

অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সাফল্য ও আয়োজনকে স্বাগত জানান তারা।

বিজ্ঞাপন