রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

শিক্ষকদের অবসরকালীন সুবিধা এখন অনলাইনে প্রাপ্তি সহজ

শিক্ষকদের অবসরকালীন সুবিধার টাকা এখন অনলাইনে সরাসরি পাবে, জানিয়েছে প্রধানমন্ত্রী।

শিক্ষকদের অবসরকালীন সুবিধা এখন অনলাইনে প্রাপ্তি সহজ

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বর্তমান সরকারের সময়ে শিক্ষকদের অবসরকালীন সুবিধার টাকা পেতে আর অফিসে ঘুরতে হবে না। তিনি আজ শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, "নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে শিক্ষকদের প্রাপ্য টাকা যথাসময়ে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হবে।" তিনি উল্লেখ করেন, আজকের অনুষ্ঠানের মাধ্যমে ২০২২ সালের পর ৭০ হাজার ১১৯ জন শিক্ষক-শিক্ষিকা অবসরকালীন সুবিধা পেয়েছেন, যা দীর্ঘ চার বছর পর সরকারি দুটি ফান্ড থেকে সরাসরি তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।

শিক্ষকদের প্রাপ্য টাকা তুলতে হয়রানির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, "যারা লাখো শিক্ষার্থীকে বড় করে তোলেন, তাদেরকে যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয়, সেটি জাতি হিসেবে আমাদের দীনতা প্রকাশ করে।"

তিনি বলেন, "অবসরকালীন সুবিধার টাকা বণ্টনের পথটি সহজ ছিল না। পূর্ববর্তী সরকার শিক্ষকদের কল্যাণ তহবিলের অর্থ লুটপাট করেছে, যার ফলে ২০২২ সাল থেকে শিক্ষকরা কোনো অর্থ পাচ্ছিলেন না।"

বর্তমান বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পর শিক্ষকদের দুরবস্থা বিবেচনা করে বিশেষ ব্যবস্থায় তাদের টাকা পরিশোধের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বলেন, "১৯৯১ সালে প্রতিষ্ঠিত ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট’ ও ‘অবসর সুবিধা বোর্ড’ তাঁর দূরদর্শী উদ্যোগের ফল।"

তিনি শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে বলেন, "শিক্ষকতা হলো একমাত্র পেশা, যা অন্য সব পেশার সৃষ্টি করে।"

বিজ্ঞাপন