শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

প্রধানমন্ত্রীর সভায় চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন: জাপান বিএনপি

জাপান বিএনপি প্রধানমন্ত্রীর সভায় চাঁদাবাজির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে।

প্রধানমন্ত্রীর সভায় চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন: জাপান বিএনপি

জাপান প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভাকে ঘিরে চাঁদাবাজির অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন জাপান বিএনপির নেতারা। তাঁরা দাবি করেছেন, বিএনপির কোনো নেতা-কর্মী চাঁদাবাজি করেননি এবং অনুষ্ঠানটি বিএনপি ও দলের সমমনা ব্যবসায়ীদের সহযোগিতায় আয়োজন করা হয়েছিল।

জাপান বিএনপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ অক্টোবর টোকিওতে অনুষ্ঠিত মতবিনিময় সভার পর ঢাকার একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কথা বলে মিলিয়ন ইয়েন চাঁদাবাজি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এতে অভিযোগ করা হয় যে, অনুষ্ঠানের জন্য প্রবাসী ব্যবসায়ী ও নেতা-কর্মীদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে এবং প্রবেশপত্র না দেওয়া হয়েছে।

জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিম রেজা বলেন, “এ আয়োজনে বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি দলের প্রতি সমমনা ব্যবসায়ীরাও সহযোগিতা করেছেন। কারও কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় বা চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি।”

সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম মনি জানান, অনুষ্ঠানটি ছিল প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের জন্য এবং এটি কোনো দলীয় অনুষ্ঠান ছিল না।

জাপান বিএনপির প্রধান পৃষ্ঠপোষক মো. শহীদুল ইসলাম নান্নু অভিযোগগুলিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করে বলেন, “একটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের ভিত্তিতে এ ধরনের গুরুতর অভিযোগ প্রকাশ করা হয়েছে, যা অনভিপ্রেত।”

নেতারা সাংবাদিকদের প্রতি আহ্বান জানান যে, কোনো অভিযোগের সত্যতা যাচাই করা সাংবাদিকতার গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর বক্তব্যে কান না দিতে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন।

জাপান বিএনপির নির্বাহী কমিটির সদস্যরা এ অভিযোগের প্রতিবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল।

তারা দাবি করেন, কোনো অনিয়ম বা চাঁদাবাজির অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে যাচাই করা উচিত এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যকে সরাসরি সত্য হিসেবে প্রচার করা সমীচীন নয়।

বিজ্ঞাপন