বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার অভিযোগ করেছেন যে, পার্শ্ববর্তী দেশ থেকে নির্দেশ আসছে এবং ঘাতকরা এ দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে। তিনি রাজধানীর জিয়া উদ্যানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
রিজভী বলেন, 'কোথাও কোথাও গলির ভেতর থেকে ককটেল-বোম ফোটাচ্ছে। ঘাতকরা এ দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। জনগণ উপযুক্তভাবেই তাদের প্রতিহত করবে। সরকার এ ব্যাপারে প্রস্তুত।'
তিনি আরও উল্লেখ করেন, '৭ নভেম্বরের বিপ্লবে দেশ প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্বের অঙ্গীকার খুঁজে পায়। ৭ নভেম্বরের চেতনা মুক্তির চেতনা, গণতন্ত্রের চেতনা, স্বাধীনতা রক্ষার চেতনা এবং সার্বভৌমত্ব শক্তিশালী করার চেতনা। এই চেতনায় জাতি বারবার ঘুরে দাঁড়িয়েছে।'
রিজভী বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ৭ই নভেম্বরের চেতনা। ৭ নভেম্বরের তিন অঙ্গীকার হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের অব্যাহত ধারা। এই প্রত্যয় নিয়ে আবার জুলাইয়ে এ দেশের মানুষ বিপ্লবে নেমে আসে এবং গণতন্ত্রবিরোধী অপশক্তিকে পরাজিত করে।'
তিনি দাবি করেন, ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতীয়তাবাদী শক্তি সকল অগণতান্ত্রিক ও দেশবিরোধী শক্তির বিরুদ্ধে প্রস্তুত রয়েছে।