প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনি সকাল সাড়ে ৮টার দিকে বাবা-মায়ের সমাধিতে যান। এসময় তাঁর সঙ্গে মন্ত্রিসভার কয়েকজন সদস্যসহ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে সরকার ও দলের পক্ষ থেকে পৃথক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর তিনি কবর জিয়ারতের অংশ হিসেবে মোনাজাতে অংশ নেন।
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পায়।
বিশিষ্টজনদের মতে, এই বিপ্লবের মধ্য দিয়ে শুরু হয় আধিপত্যবাদবিরোধী জাতীয়তাবাদী ও বহুদলীয় রাজনীতির নতুন অধ্যায়। সরকার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে গুরুত্বের সঙ্গে পালন করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল সাড়ে ৯টায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। পরে বেলা সাড়ে ১১টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে অংশগ্রহণ করবেন।