জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) অনারারি সভাপতি কোজো তাশিমা আগামী বছরের মার্চে অনুষ্ঠিতব্য ফিফা সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তিনি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী হতে চান এবং এভাবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ প্রশাসনিক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া প্রথম জাপানি প্রার্থী হতে যাচ্ছেন।
৫ নভেম্বর টোকিওতে জেএফএ পরিচালনা পর্ষদের সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেন, “জেএফএর পূর্ণ সমর্থন নিয়ে এমন ঘোষণা দিতে পেরে আমি কৃতজ্ঞ।” তাশিমা আরও জানান, “এটি জয়-পরাজয়ের বিষয় নয়। বরং জাপানি ফুটবল যে সততা-নীতিনিষ্ঠ মনোভাব গড়ে তুলেছে, তা বিশ্বের কাছে তুলে ধরাই আমার লক্ষ্য।”
তবে, নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা এখনও বাকি রয়েছে। জাপানি সংবাদমাধ্যম নিপ্পন স্পোর্টসের তথ্য অনুযায়ী, প্রার্থিতা নিশ্চিত করতে অন্তত পাঁচটি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের মনোনয়ন পেতে হবে তাকে। দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশ এবং ইউরোপের কিছু ফুটবল অ্যাসোসিয়েশন তার প্রতি সমর্থন জানাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফিফা সভাপতি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় আগামী ১৮ নভেম্বর। ইনফান্তিনোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়া প্রথম প্রার্থী সাবেক সুইস ফুটবলার রামন ভেগা, যিনি টটেনহ্যাম হটস্পারের সাবেক ডিফেন্ডার।
এদিকে, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে বিতর্কের কারণে তার বিরুদ্ধে অসন্তোষ তৈরি হয়েছে। গত জুলাইয়ে, বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট স্বত্ব নিয়ে কাজ করার জন্য ফিফার নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠনের উদ্যোগ নেয়া হয়েছিল, যা সফল হয়নি। ফলে ফিফার ভেতরে তার নেতৃত্ব নিয়ে বিরোধিতা বাড়ছে।
তবে, ইনফান্তিনোর পুনর্নির্বাচনের জন্য সমর্থন এখনও শক্তিশালী রয়েছে। গত মাসে এশিয়ান ফুটবল কনফেডারেশনের প্রধান তার পুনর্নির্বাচনের প্রতি সমর্থন জানিয়েছেন।
তাশিমার প্রার্থিতা জাপানি ফুটবলের জন্য ঐতিহাসিক হলেও, নির্বাচনে তাকে কতটা সমর্থন দেওয়া হবে তা বিভিন্ন দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের মনোনয়নের ওপর নির্ভর করছে। সাবেক ফরোয়ার্ড কোজো তাশিমা ২০১৫ সাল থেকে ফিফা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।