স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, "যারা ধর্মের নাম বিক্রি করে রাজনীতি করছে, তাদের কার্যকলাপে ধর্মীয় কোনো প্রতিফলন নেই।" তিনি শুক্রবার (৬ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়িতে এক মাহফিলে এ কথা বলেন।
মন্ত্রী অভিযোগ করেন, জামায়াতে ইসলামী স্বাধীনতার পূর্ব থেকে স্বাধীনতার পর পর্যন্ত বিভ্রান্তিমূলক রাজনীতি করে দেশে অস্থিরতা সৃষ্টি করেছে। তিনি বলেন, "এরা কেবলই এই দেশে বিভক্তির সৃষ্টি করছে।"
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, "যারা গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত আছে।" তিনি উল্লেখ করেন, ইসলামের নামে রাজনীতি করা এই শক্তিগুলোর নির্বাচনী মেনিফেস্টোতে ইসলামের কোনো উল্লেখ নেই।
মন্ত্রী বলেন, "আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। বিসমিল্লাহ সংযোজন করার পার্টি।" তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের রাজনীতির কথা উল্লেখ করেন এবং বলেন, "আমরা এই দেশের সকল জনগোষ্ঠীকে নিয়ে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের সৃজন করেছি।"
তিনি আরও বলেন, "যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায়, তাদের এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না।" মন্ত্রী বলেন, যারা গণহত্যার জন্য অনুতপ্ত নয় এবং যারা গণহত্যাকারী, তারা দেশে রাজনীতি করতে পারবে না।