শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গোপালগঞ্জে নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে ৩ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে রাজনৈতিক মামলায় তিন সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

গোপালগঞ্জে নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে ৩ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে রাজনৈতিক মামলায় সাবেক তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মতিঝিল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাদের গোপালগঞ্জে নিয়ে আসা হয়।

গ্রেপ্তারকৃতদের আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা। তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মনির আহমেদ (ননী), গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্চু এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম (টিকে)।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোপালগঞ্জের বিভিন্ন থানায় রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ঢাকার মতিঝিল এলাকায় আত্মগোপনে ছিলেন।’

তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ ডিবি পুলিশের একটি বিশেষ দল মতিঝিল থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন