কিশোরগঞ্জের কুলিয়ারচরে অভিযান চালিয়ে গ্রেপ্তারের পর হাতকড়াসহ পালিয়ে গেছেন রেনু মিয়া নামের এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। সোমবার দুপুরে ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, রেনু মিয়া ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে এবং তিনি ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় করা একটি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হলে, বহু মানুষের ভিড়ের সুযোগ নিয়ে হাতকড়া পরা অবস্থায় রেনু মিয়া পালিয়ে যান।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, ‘ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমি নিজেও অভিযানে রয়েছি।’