আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, পরিকল্পিতভাবে পার্শ্ববর্তী দেশ থেকে মাদক চাপিয়ে দেওয়া হচ্ছে এবং ড্রোনের মাধ্যমে ইয়াবা পাঠানো হচ্ছে।
তিনি সোমবার (১৪ সেপ্টেম্বর) খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন। আইনমন্ত্রী জানান, মাদক এখন আর শুধুমাত্র খুলনার সমস্যা নয়, বরং সারাদেশে এর প্রভাব পড়েছে।
মন্ত্রী আরও বলেন, ড্রোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় মাদক পৌঁছে দেওয়া হচ্ছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। তাই সারাদেশে ডোপ টেস্টের ওপর বেশি জোর দেওয়া হচ্ছে।
মো. আসাদুজ্জামান বলেন, ১৭ বছরে প্রশাসনকে দলীয়করণ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি হয়েছে। বর্তমান সরকারকে সময় দিতে হবে আবর্জনা পরিষ্কার করার জন্য।
তিনি জানান, সরকার সন্ত্রাস দমন করতে ক্রসফায়ারের পথে যাবে না এবং সন্ত্রাস দমনে যে আইন রয়েছে, এটির পরিবর্তন করতে হলে সে বিষয়ে ভাববে সরকার।
সভায় আইনশৃঙ্খলার বিভিন্ন বিষয়েও আলোচনা হয়। এসময় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের এমপি আজিজুল বারী হেলালসহ অনেকেই উপস্থিত ছিলেন।