মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়ায় পুলিশের এক কর্মকর্তাকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ডোপ টেস্টে মাদকের উপস্থিতি, পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ডোপ টেস্টে শরীরে মাদকের উপস্থিতি পাওয়ায় পুলিশের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরখাস্ত হওয়া কর্মকর্তার নাম আ ফ ম নিজাম উদ্দিন, যিনি পুলিশ সুপার (টিআর) রেঞ্জ ডিআইজি'র কার্যালয় রংপুরে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আ ফ ম নিজাম উদ্দিন বর্তমানে রেঞ্জ ডিআইজি'র কার্যালয়ে সংযুক্ত আছেন।

তিনি মিরপুর সেনানিবাসে চলমান ডিএসসিএসসি-২০২৬ কোর্সে অংশগ্রহণের জন্য চলতি বছরের ৮ জানুয়ারি পুলিশ অধিদফতর ঢাকা থেকে প্রস্থান গ্রহণ করেন। কোর্স চলাকালে গত ৭ জুন তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচ, ঢাকায় প্রেরণ করা হয়।

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষার অংশ হিসেবে তার ডোপ টেস্ট করা হয়, যেখানে Urine Benzo Diazepines (BZO) Amphetamine/methamphetamine Positive' রিপোর্ট আসে। এই ফলাফল উক্ত কোর্সের শৃঙ্খলা পরিপন্থি বলে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) বিধি অনুযায়ী 'অসদাচরণ' এর শাস্তিযোগ্য অপরাধে তাকে ৩১ আগস্ট থেকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন।

এছাড়া, সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন