হবিগঞ্জের নবীগঞ্জে জুবা আক্তার নামে এক কিশোরীকে হত্যার ঘটনায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার বিকেল ৩টা ১৫ মিনিটে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৭ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার হরিনগর এলাকায় একটি জমি থেকে জুবা আক্তারের হাত-পা বাঁধা এবং গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাবা নবীগঞ্জ থানায় মামলা করেন, যার তদন্তভার পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), হবিগঞ্জ গ্রহণ করে।
তদন্তের তিনদিনের মধ্যে মামলার প্রধান আসামি খলিল উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার সহযোগী গোলাম হোসেনকেও গ্রেপ্তার করা হয়। আদালতে ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর খলিল উদ্দিন ও গোলাম হোসেনকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম বলেন, ‘কিশোরী হত্যার মতো নৃশংস ঘটনায় আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছেন।’