বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

হাইকোর্টের রায়ে আইনজীবীর ভুলে মক্কেলের ভোগান্তি প্রতিরোধের নির্দেশ

হাইকোর্ট আইনজীবীর ভুলের কারণে মক্কেলকে ভোগান্তির শিকার হতে দেওয়া উচিত নয় বলে রায় দিয়েছেন।

হাইকোর্টের রায়ে আইনজীবীর ভুলে মক্কেলের ভোগান্তি প্রতিরোধের নির্দেশ

হাইকোর্ট আইনজীবীর ভুলের কারণে মক্কেলকে ভোগান্তির শিকার হতে দেওয়া উচিত নয় বলে রায় দিয়েছেন। মোহাম্মদ আসিফ বনাম রাষ্ট্র মামলায় এই পর্যবেক্ষণ আসে। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ২৮ অক্টোবর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর জমির মালিকানা সংক্রান্ত এক ফাস্ট আপিল মামলায় অধস্তন আদালতের রায় বাতিল করে মামলাটি পুনর্বিচারের জন্য অধস্তন আদালতে ফেরত পাঠান বিচারপতি এস এম কুদ্দুস জামান এবং বিচারপতি তামান্না রহমান খালিদীর হাইকোর্ট বেঞ্চ।

রায়ে আদালত বলেন, মামলার আরজি প্রস্তুত করার সময় সংশ্লিষ্ট আইনজীবী ভুল করেছিলেন, যার জন্য মক্কেল কোনোভাবে দায়ী নয়। সুতরাং, আইনজীবীর ভুলের কারণে মক্কেলের ভোগান্তি হওয়া উচিত নয়।

হাইকোর্ট আরও জানায়, উভয় পক্ষকে তাদের আরজি সংশোধন এবং প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ উপস্থাপনের সুযোগ দিতে মামলাটি পুনর্বিচারের জন্য বিচারিক আদালতে ফেরত পাঠানো হলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

মোহাম্মদ আসিফ ৬৭.৪০ শতাংশ জমির ওপর স্বত্ব ঘোষণা দাবি করে মামলা দায়ের করেছিলেন। বাদীর দাবি অনুযায়ী, জমিটি প্রসন্ন কুমার বসু ও অন্যান্যদের ছিল। তবে, আর.এস. খতিয়ানে ভুলবশত ৫৮.৬৮ শতাংশ জমি কাজী আবু সাঈদ নামে রেকর্ডভুক্ত হয়।

এই ভুল রেকর্ডের কারণে মোহাম্মদ আসিফের কাছ থেকে খাজনা নেওয়া বন্ধ হয়ে যায়। পরে তিনি স্থানীয় আদালতে মামলা দায়ের করেন, কিন্তু আইনজীবীর ভুল তথ্য উপস্থাপনের কারণে মামলাটি খারিজ হয়ে যায়।

মোহাম্মদ আসিফ এই রায়ের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে ২০১৮ সালে হাইকোর্টে ফাস্ট আপিল দায়ের করেন।

বিজ্ঞাপন