হাইকোর্ট জানিয়েছে, কোনো ব্যক্তি একাধিক ফৌজদারি মামলায় পৃথকভাবে দণ্ডিত হলে আদালতের সুস্পষ্ট নির্দেশ ছাড়া সেই সাজা একই সঙ্গে চলার বা গণনার সুযোগ নেই।
বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ ২০২৫ সালের ২৭ আগস্ট এ রায় দেন। আদালতের মতে, পৃথক মামলায় দণ্ড দেওয়ার সময় সংশ্লিষ্ট রায়গুলোতে সাজা একই সঙ্গে চলবে— এমন নির্দেশনা না থাকলে একটি মামলার সাজা শেষ হওয়ার পরই পরবর্তী মামলার সাজা কার্যকর হবে।
মো. নাসির উদ্দিন বনাম রাষ্ট্র মামলায় এই রায় প্রদান করা হয়। চট্টগ্রামের ব্যবসায়ী মো. নাসির উদ্দিন চেক ডিজঅনার সংক্রান্ত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় ছয়টি পৃথক মামলায় দণ্ডিত হন।
তিনি ২০২১ সালের ৫ সেপ্টেম্বর গ্রেফতার হন এবং পরবর্তীতে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সাজা ভোগ শেষ হওয়ার পরও তাকে মুক্তি না দেওয়ার অভিযোগে তিনি ২০২২ সালে হাইকোর্টে রিট করেন।
রিটের প্রাথমিক শুনানির পর হাইকোর্ট ২০২২ সালের ১১ এপ্রিল রুল জারি করে এবং নাসির উদ্দিনকে জামিন দেন। রিটকারীর আইনজীবী মো. শাহ আলম দাবি করেন, বিচারাধীন অবস্থায় নাসির উদ্দিন কারাগারে ছিলেন, তাই তার সাজা থেকে ওই সময় বাদ দেওয়া উচিত।
বিবাদীদের আইনজীবী সামীর সাত্তার বলেন, ফৌজদারি কার্যবিধির ৩৯৭ ধারা অনুযায়ী আদালত যদি সাজা একসঙ্গে চলার নির্দেশ না দেন, তবে একটির সাজা শেষ হওয়ার পরই পরবর্তী সাজা কার্যকর হবে।
শুনানি শেষে হাইকোর্ট রুল খারিজ করে রায় দেন যে, ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা অনুযায়ী আসামির কারাভোগের সময় কেবল সেই মামলার সাজা থেকে বাদ যাবে, যেখানে তিনি হেফাজতে ছিলেন।