মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নেত্রকোণায় শিশু শিক্ষার্থী ধর্ষণের মামলার রায় বুধবার

নেত্রকোণায় শিশু শিক্ষার্থী ধর্ষণের মামলার রায় আগামীকাল। আসামি মাদরাসাশিক্ষক সাগরের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ।

নেত্রকোণায় শিশু শিক্ষার্থী ধর্ষণের মামলার রায় বুধবার

নেত্রকোণার মদনে কওমি মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর কর্তৃক ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলার রায় আগামীকাল বুধবার ঘোষণা করা হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল জানান, শিশু সহিংসতা দমন ট্রাইব্যূনাল আদালতের বিচারক আব্দুস সালাম মামলাটি রায়ের জন্য আগামী ১১ নভেম্বর তারিখ নির্ধারণ করেছেন। মামলায় সাগরের ভাই মাইমুন ওরফে মামুন মিয়াও আসামি হিসেবে রয়েছে।

পিপি রুবেল বলেন, দ্রুততার সঙ্গে বিচারের জন্য মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যূনাল আদালতে নেওয়া হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও শুনানি শেষে ৬০ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করে রায় ঘোষণার জন্য অপেক্ষা করছে আদালত।

মামলার প্রেক্ষিতে, ডিএনএ টেস্টের রিপোর্ট, পুলিশের অভিযোগপত্র এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ আশা করছে আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী সাগর একটি মহিলা কওমি মাদরাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদরাসায় পড়াশোনা করত।

গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে জানান। ২৩ এপ্রিল শিশুটির মা সাগরের বিরুদ্ধে মামলা করেন। পরে ৬ মে র‌্যাবের হাতে সাগর গ্রেপ্তার হন।

রিমান্ড শেষে আদালত সাগরের ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই শিশুটি একটি কন্যাশিশুর জন্ম দেয়।

নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। ২৮ জুলাই সিলেটের সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে সিআইডি। সিআইডির প্রতিবেদনে নবজাতকের সঙ্গে সাগরের ডিএনএ ৯৯.৯৯ শতাংশ মিলে যায়।

এর ভিত্তিতে সাগরকে নবজাতকের জৈবিক বাবা হিসেবে শনাক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরে ২৭ আগস্ট পুলিশ সাগর ও মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

বিজ্ঞাপন