জামালপুরের বকশীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পাপ্পু, বিজু, বাদশা, জুয়েল, আশরাফুল, জসিম ও আসমত। অপরদিকে, একজন আসামি ইদ্রিস আলী খালাস পেয়েছেন। সকল আসামি বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী গৃহবধূ শেরপুর জেলার চকপাঠক গ্রামের বাসিন্দা। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৫ সালের ২৫ মে রাত ১২টার দিকে গৃহবধূ ইজিবাইকযোগে বকশীগঞ্জের জানকিপুরের ভাড়া বাসার দিকে যাচ্ছিলেন। পথে আসামিরা গাড়িটি থামিয়ে গৃহবধূকে একটি ভ্যান গাড়িতে তুলে নেয়।
এরপর, গৃহবধূকে বকশীগঞ্জের নিলক্ষিয়া উত্তরপাড়ায় ফরিদ নামে এক ব্যক্তির পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে তারা। ঘটনার পরদিন গৃহবধূ বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন, যেখানে ৩ থেকে ৪ জন অজ্ঞাত আসামি উল্লেখ করা হয়।
মামলার তদন্ত শেষে চলতি বছরের ১৫ এপ্রিল চার্জশিট জমা দেয় তদন্তকারী কর্মকর্তা। ৯ জন স্বাক্ষীর মধ্যে ৭ জনের স্বাক্ষ্য গ্রহণের পর আদালত এই রায় ঘোষণা করে।