জামালপুরের দেওয়ানগঞ্জে গৃহবধূকে ধর্ষণের মামলায় আদালত দুজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন দেওয়ানগঞ্জের নিমাইমারী গ্রামের আশকর আলী ও জাহিদুল ইসলাম। আদালত তাদের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করার নির্দেশও প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, আশকর আলী ভুক্তভোগীর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে ধর্ষণ করেন এবং স্বজনদের হত্যার হুমকি দেন। ২০২২ সালের ৩১ মার্চ, জাহিদুলের সহায়তায় ফের ধর্ষণের সময় বাধা দেওয়ায় ভুক্তভোগী ও তার স্বামীকে মারধর করে আসামিরা।
১০ এপ্রিল মামলাটি দায়ের হলে পুলিশ চার্জশিট জমা দেয়। আদালত ৬ জনের সাক্ষ্য গ্রহণের পর এই রায় দেন। একই দিনে কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক সাদেক মিয়া হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৪ জনকে খালাস দেওয়া হয়েছে।