নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ইব্রাহিম আল-মাসুম মারা গেছেন। সোমবার (১০ আগস্ট) সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইব্রাহিম আল-মাসুম ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে এবং তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন। গত ১ আগস্ট রাতে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হন তিনি।
এই ঘটনায় গুরুতর আহত হন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্তত ১০ জন। স্থানীয় সূত্রে জানা যায়, ফকির বাড়ি এলাকার বিজয়, সবুজ, ইকবাল ও সানি এবং মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের মধ্যে পূর্ব বিরোধ ছিল।
১ আগস্ট রাতে ফকির বাড়ি এলাকায় একটি মুদি দোকানে অবস্থান করার সময় বিজয় ও তার সহযোগীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন ছাত্রদল নেতা মাসুম।
পরে আহতদের ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুমের মৃত্যু হয়। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, এ ঘটনায় ৩৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কোনও অনাকাঙ্খিত ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে পুলিশ কার্যকর ব্যবস্থা গ্রহণ করেছে।