বুধবার, ১২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

চাঁদপুরে চিকিৎসক গ্রেফতার, উদ্ধার হলো ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশন

চাঁদপুরে একটি হাসপাতাল থেকে চিকিৎসক গ্রেফতার, উদ্ধার হয়েছে ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশন।

চাঁদপুরে চিকিৎসক গ্রেফতার, উদ্ধার হলো ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশন

চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ সৈয়দ আসিফ ইস্পাহানি নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় কচুয়া উপজেলার সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই অভিযান পরিচালনা করা হয়।

আসিফ ইস্পাহানি একজন এমবিবিএস চিকিৎসক। অভিযানে তার কাছ থেকে চার পিস ইয়াবা, নেশাজাতীয় ইনজেকশন ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁদপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল ওই ক্লিনিকে অভিযান চালায়।

অভিযানের সময় চিকিৎসকের কক্ষ থেকে ইয়াবা সেবনের অসংখ্য ফয়েল, নেশাজাতীয় ব্যবহৃত ইনজেকশন ও অন্যান্য মাদক সেবনের উপকরণ উদ্ধার করা হয়। মিজানুর রহমান বলেন, ওই চিকিৎসক নিয়মিত তার কক্ষে মাদক সেবন করতেন বলে তারা জানতে পেরেছেন।

তিনি এ ধরনের মাদক সেবনকে অত্যন্ত আশঙ্কাজনক হিসেবে উল্লেখ করেন। তিনি বেসরকারি ক্লিনিক মালিকদের চিকিৎসক নিয়োগের আগে ড্রাগ টেস্ট করার পরামর্শ দেন।

পরে ডা. সৈয়দ আসিফ ইস্পাহানির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় এবং তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁদপুরের পরিদর্শক তোফায়েল আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন