মুন্সিগঞ্জ সদর উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার রমজান বেগ এলাকা সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় মরদেহ দুটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ নৌ ও থানা পুলিশের একটি দল ট্রলারযোগে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি নদীর তীরে নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে পুরুষের মরদেহ কচুরিপানার ভেতর থেকে উদ্ধার করা হয়। কিছুক্ষণ পর ৫০ মিটার দূরে নারীর মরদেহও উদ্ধার করা হয়।
এখনো নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের পরিচয় শনাক্তে প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।
পুলিশ বলছে, পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।