শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়েছে।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনে ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম এ তথ্য জানান।

যাদের ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়েছে, তারা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, ছাত্রদল কর্মী বিশাল চক্রবর্তী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলাম।

প্রতিবেদনে বলা হয়েছে, বাকি ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণে অধিকতর তদন্তের পর ব্যবস্থা নেওয়ার কথা রয়েছে। এদের মধ্যে রাকসুর সহ-সাংস্কৃতিক সম্পাদক রাকিবুল ইসলাম, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি তাকবীর আহমেদ ইমন, ছাত্রদল কর্মী সৈয়দ সাজহারুল ইসলাম ও তানিম রহমানের নাম রয়েছে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি বুলবুল রহমান, শরীফুল ইসলাম ও সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলমকে সতর্ক করার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ৪ অক্টোবর, রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের ওপর হামলা চালান ছাত্রদলের নেতা-কর্মীরা। পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন ৫ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে। উপাচার্য ঘোষণা করেন, ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন প্রকাশ করবে।

প্রতিবেদন প্রকাশের প্রতিক্রিয়ায় ক্যাম্পাসের সংবাদকর্মীরা জানান, যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ মামলা না করা পর্যন্ত প্রশাসনের সংবাদ বয়কট কর্মসূচি চলবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ করায় উপাচার্যকে ধন্যবাদ জানান তারা।

বিজ্ঞাপন