রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের রাবি শাখার সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ তিন সদস্যকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হামলার প্রতিবাদে সোমবার ক্লাস বর্জন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
হামলার ঘটনার নিন্দা জানিয়ে মানববন্ধন করেছেন তারা। হামলায় জড়িতদের গ্রেপ্তার, অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল এবং সাংবাদিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষক বলেন, “গণমাধ্যমের স্বাধীনতার ওপর হামলা, এটা কোনোভাবেই কাম্য নয়।” অন্য এক শিক্ষক জানান, “এটা খুবই লজ্জাজনক যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন তার শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে পারেনি।”
হামলার শিকার সাংবাদিকদের অভিযোগ, ছাত্রদলের সহসভাপতি আহসান হাবীবের নেতৃত্বে ১০ থেকে ১২ জন তাদের মারধর করেন। এতে অন্তত সাত সাংবাদিক আহত হন, এবং গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়।
আহত সাংবাদিক নূর আসহান মৃদুল বলেন, “আমি আমার ক্যাম্পাস জীবনের চার–সাড়ে চার বছরে এমনটা প্রায় দেখিনি। ছাত্রদলের সাথে আমাদের এত বাজে সম্পর্কও নেই যে তারা আমাদের মারতে চলে আসবে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রাবি উপ-উপাচার্য ড. মো. আব্দুল আলিম বলেন, “আমরা খুব স্বল্প সময়ের মধ্যে এই ঘটনায় ব্যবস্থা নিতে চাই। অপরাধী যেই হোক না কেন, তার ব্যাপারে আমরা দরকারি ব্যবস্থা নিতে চাই।”
ছাত্রদলও ঘটনার তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেছে এবং ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা জানিয়েছে।