শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২২ অক্টোবর পর্যন্ত দোকানপাট, মার্কেট ও বিপণি বিতান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়ে এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।
সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২৩ অক্টোবর থেকে দোকানপাট ও শপিংমল খোলা রাখার আগের নির্ধারিত সময়সূচি (বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত) পুনরায় চালু হবে।
নতুন সময়সূচি কার্যকর করতে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি পাঠানো হয়েছে।
এর আগে, রোববার (৪ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে রাত ১০টা পর্যন্ত দোকানপাট-মার্কেট খোলা রাখার দাবি জানায় বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।