মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ

পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ

পঞ্চগড়ের দেবীগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণকৃত দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই ঘটনা সোমবার দুপুরে উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে।

বিদ্যালয় সূত্র জানায়, শিক্ষার্থীদের মধ্যে রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের 'আরডি' নামের প্যাকেটজাত দুধ বিতরণ করা হচ্ছিল। বিতরণের সময় কয়েকটি প্যাকেটে ফুটো দেখা যায় এবং কিছু প্যাকেটের দুধ দইয়ের মতো জমাট বেঁধে ছিল।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ফিডিং কর্মসূচির দায়িত্বে থাকা কর্মকর্তা মনোয়ার হোসেনকে বিষয়টি জানানো হলে তিনি বিদ্যালয়ে এসে নিজে দুধ পান করে জানান যে, দুধে কোনো সমস্যা নেই। এরপর শিক্ষার্থীদের মধ্যে দুধ বিতরণ করা হয়।

দুধ পান করার পাঁচ মিনিটের মধ্যে কয়েকজন শিক্ষার্থী পেটব্যথা, খিঁচুনি ও মাথা ঘোরা অনুভব করতে শুরু করে। পরে অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মনির হোসেন বলেন, 'দুধ খাওয়ার পর থেকেই আমার মাথা ও পেটব্যথা শুরু হয়। আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। পরে আমাকে হাসপাতালে নিয়ে আসা হয়।'

বিদ্যালয়ের শিক্ষক তসলিমা খাতুন জানান, 'দুধ বিতরণের সময়ই কয়েকটি প্যাকেটে ফুটো এবং দুধ দইয়ের মতো জমাট দেখতে পাই। আমি বিষয়টি প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানিয়ে দুধ বিতরণ না করার জন্য বলি। তবে কর্মকর্তা এসে নিজে দুধ পান করে বিতরণের নির্দেশ দেন।'

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিমন দেবনাথ বলেন, 'এখন পর্যন্ত ১৬-১৭ জন শিক্ষার্থী হাসপাতালে এসেছে। আমরা তাদের চিকিৎসা দিচ্ছি এবং অবস্থা স্থিতিশীল।'

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা জানান, 'বিষয়টি জানার পর আমি হাসপাতালে গিয়ে শিক্ষার্থীদের খোঁজ নিয়েছি। তাদের গুরুত্বের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুধের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে।'

বিজ্ঞাপন