মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রংপুরে শিক্ষা অফিস থেকে ৪ বস্তা ফাইল পাচারের চেষ্টা, আটক ২

রংপুরের শিক্ষা অফিস থেকে ৪ বস্তা ফাইল পাচারের সময় আটক ২, এলাকাবাসীর তীব্র ক্ষোভ।

রংপুরে শিক্ষা অফিস থেকে ৪ বস্তা ফাইল পাচারের চেষ্টা, আটক ২

রংপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) আঞ্চলিক উপ-পরিচালকের কার্যালয় থেকে ৪ বস্তা গুরুত্বপূর্ণ সরকারি ফাইল পাচারের সময় স্থানীয় এলাকাবাসী দুইজনকে আটক করেছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২টার দিকে রংপুর বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অফিসের পেছনের সড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চারটি মুখ সেলাই করা বড় বস্তা তোলা হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে আশপাশের জনতা দ্রুত এগিয়ে এসে অটোরিকশাটি ঘেরাও করে বস্তাগুলো আটক করেন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অফিসের কর্মচারী আবু তালেব এবং গাড়িচালক মোহাম্মদ জাহিদ। স্থানীয়রা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে বস্তাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। তারা দাবি করেন, বিভাগীয় পরিচালকের সরাসরি নির্দেশেই এসব বস্তা নিয়ে যাওয়া হচ্ছিল।

এ ঘটনায় অভিযোগের তীর উঠেছে বিভাগীয় উপ-পরিচালক কামরুজ্জামান পাইকার এবং পরিচালক মাজেদ আলীর বিরুদ্ধে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাটিকে ‘চুরির অপচেষ্টা’ বলে দায় এড়ানোর চেষ্টা করছেন। তবে প্রধান স্টোররুম সম্পূর্ণ তালাবদ্ধ থাকা সত্ত্বেও কীভাবে গোপন ও স্পর্শকাতর সরকারি নথি বাইরে এলো, তার কোনো সদুত্তর দিতে পারেননি।

এলাকাবাসী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এ ঘটনার জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, দুর্নীতির তথ্য গোপন বা অডিট আপত্তির প্রমাণ নষ্ট করতেই পরিকল্পিতভাবে এসব নথি সরিয়ে ফেলা হচ্ছিল। স্থানীয়রা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নেপথ্যে থাকা রাঘববোয়ালদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন