দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের প্রথমে দুর্নীতিমুক্ত হতে হবে, এমন মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বুধবার (২১ অক্টোবর) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় শিক্ষক ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "দুর্নীতি বন্ধ করার প্রথম শর্ত হলো যারা আমরা বলছি দুর্নীতি বন্ধ করতে হবে, সেই রাজনৈতিক নেতৃত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দের আগে দুর্নীতি মুক্ত হতে হবে। অন্যথায় আমরা ব্যর্থ হব।"
তিনি আরও উল্লেখ করেন, "স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষকের সাথে দুর্ব্যবহার করা সহ্য করা হবে না। আবার প্রধান শিক্ষক যদি ছাত্রদের শিক্ষার পরিবেশ নষ্ট করে লুটপাটের সাথে জড়িত হন, সেটাও সহনীয় নয়।"
সভায় উপস্থিত শিক্ষকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের সাথে ডিল করা শিক্ষকদের জন্য কঠিন হয়ে উঠছে। তিনি শিক্ষকদের যুগোপযোগী ও পরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণের উপর গুরুত্ব দেন।
এ সময় শৈলকুপা উপজেলার বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।