বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিলের তথ্য প্রকাশ করেছে পররাষ্ট্র দফতর।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে তার প্রশাসন। এই তথ্য প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র টমি পিগট।

তিনি জানান, ট্রাম্প প্রশাসন ইতিহাসের যেকোনো প্রশাসনের তুলনায় দ্রুতগতিতে বেশি ভিসা বাতিল করেছে। ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিরা আইন ভঙ্গ করলে বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করলে তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভিসা বাতিলের সংখ্যা দ্রুত বেড়ে গেছে। গত ১০ আগস্ট পররাষ্ট্র দফতর জানিয়েছিল, ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছে।

ট্রাম্প বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অভিবাসনবিরোধী অভিযান ও বহিষ্কার কার্যক্রম চালানো হচ্ছে। তবে অধিকারকর্মীদের অভিযোগ, এসব পদক্ষেপ আইনি প্রক্রিয়া ও মতপ্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত করছে।

বিশেষ করে জাতিগত সংখ্যালঘুদের মধ্যে বর্ণগত পরিচয়ের ভিত্তিতে হয়রানির আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসন বিদেশি বিক্ষোভকারীদের বহিষ্কারের পাশাপাশি অভিবাসী ও ভিসাপ্রার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যম যাচাইও কঠোর করেছে।

অধিকারকর্মীদের দাবি, জাতীয় নিরাপত্তার কথা বলে সরকার সমালোচকদের লক্ষ্যবস্তু করছে। মিনেসোটার সোমালি-আমেরিকান সম্প্রদায়ের মতো বৃহত্তর অভিবাসী জনগোষ্ঠীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন